AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৫:৫১ পিএম, ৮ জুন, ২০২৬

শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা মানুষের অংশগ্রহণে শ্রীপুরবাসীর প্রিয় নেতা ও শ্রীপুর পৌরসভার টানা চারবারের সাবেক মেয়র ভিপি আনিছুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার (৮ জুন) বেলা সোয়া ১১টায় মাধখলা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাধখলা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে তার রাজনৈতিক সহকর্মী, ভক্ত-অনুরাগী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় নেতার জানাজায় মানুষের ঢল নামে।

প্রিয় নেতা ও জনপ্রিয় এই ব্যক্তির মৃত্যুর খবরে শ্রীপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রবিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হলে বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে ভিড় করেন। প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সকাল থেকেই তার জানাজায় অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে থাকেন। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

উপস্থিত ব্যক্তিরা বলেন, ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে টানা চারবার মেয়র নির্বাচিত হয়ে প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেন ভিপি আনিছুর রহমান। তিনি শ্রীপুরবাসীর কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। মাধখলা এলাকার তার বাড়িটি স্থানীয়দের কাছে ‘মেয়র বাড়ি’ হিসেবেই পরিচিত ছিল।

জানাজার আগে অনুষ্ঠিত স্মরণসভায় মরহুমের দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, শিক্ষক, আলেম সমাজ ও সাংবাদিক প্রতিনিধিরা।

বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ভিপি আনিছুর রহমান (৬৫) রবিবার (৭ জুন) বিকেলে ঢাকার উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগ সারা দেশের ৩২৩টি পৌরসভার মেয়র অপসারণসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে তিনিও অপসারিত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি জনসম্মুখে খুব কমই দেখা দিতেন। এ সময় তিনি ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনি-সংক্রান্ত জটিলতার কারণে নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। ডায়ালাইসিস চলাকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আনিছুর রহমানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তার ছোট বোন রাশিদা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনরা তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনিছুর রহমানের জানাজা শেষে একই মাঠে তার বোনের জানাজাও অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!