ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ছয় গ্রামের বাসিন্দারা দাঙ্গা-সহিংসতায় জড়াবে না—এমন অঙ্গীকারের অংশ হিসেবে স্বেচ্ছায় ২৩টি দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে জমা দিয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসন ও পুলিশের উদ্যোগে অস্ত্র সমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১২টি ঢাল এবং ১১টি সরকি-টেটা।
অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক এবং সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মাঝারদিয়া ইউনিয়নের ছয় গ্রামের মানুষ স্বেচ্ছায় ২৩টি দেশীয় অস্ত্র জমা দিয়েছেন। যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করেছেন। তাদের এই পদক্ষেপ অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝারদিয়া, খলিশপট্টি, মুরাটিয়া, নওপাড়া, কাগদী ও বাতাগ্রাম গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। প্রশাসন আশা করছে, এ ধরনের উদ্যোগ এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

