AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪



মান্দায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— একই গ্রামের হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিকানা জমি নিয়ে আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি দখলের উদ্দেশ্যে হায়দার আলী ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে হালচাষ করতে যান। বাধা দিতে গেলে আব্দুল হামিদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!