নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নজিপুর ইউনিয়নের ফাহিমপুর গ্রামের একটি কলাবাগান সংলগ্ন কাঁচা রাস্তা থেকে মো. ফাহিম হোসেনকে (২৭) আটক করা হয়। তিনি উপজেলার পদ্মপুকুর কাঞ্চন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটকের পর তার হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়।
এদিকে একই দিন রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নজিপুর পৌরসভার আলহেরা পাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. তারেক রহমানকে (২১) আটক করা হয়। তিনি উপজেলার বরহট্টি গ্রামের বাসিন্দা।
পুলিশ তার হেফাজত থেকে ১৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাদের নওগাঁ জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

