ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘একতা যুব সংঘ’ এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় ৬নং পৌর ওয়ার্ড ও ৮নং পৌর ওয়ার্ডের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে অতিথিদের আগমনের পর শুরু হয় মূল পর্ব ও পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময়।
বিকেলের মূল আকর্ষণ ছিল একটি প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে পীরগঞ্জের ‘জনগাঁও নারী ফুটবল একাডেমি’ এবং দেবীগঞ্জের ‘ফুলবাড়ি প্রমীলা ফুটবল একাডেমি’।
মাঠের চারপাশ জুড়ে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ও করতালি ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তোলে। খেলা শেষে সন্ধ্যা ৭টায় একতা যুব সংঘের সভাপতি মানিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণীর মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা এবং উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।
আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে একতা যুব সংঘের সহ-সভাপতি মো. মোনারুজ্জামান (মনা মাস্টার) ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন বলেন, "ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এই ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখতে আশাবাদী।"
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

