বরিশালের উজিরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর বিশেষ অভিযানে ১৩ ব্যারেল মাছের রেণু পোনাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় এক শ্রমিককে আটক করা হলেও ট্রাকচালকসহ কয়েকজন পালিয়ে যান।
সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এনএসআইয়ের বরিশাল জেলা ইউনিট সূত্রে জানা যায়, একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানোর সময় ট্রাকের ভেতর থেকে ১৩ ব্যারেল মাছের রেণু পোনা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব রেণু পোনা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ট্রাকটি থামানোর সঙ্গে সঙ্গেই চালকসহ ৬-৭ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে অন্ধকারের সুযোগ নিয়ে পাশের ঝোপঝাড়ে পালিয়ে যায়। তবে ধাওয়া করে একজন শ্রমিককে আটক করতে সক্ষম হন অভিযানে অংশ নেওয়া সদস্যরা।
পরে ভোর সাড়ে ৪টার দিকে জব্দকৃত ট্রাক, উদ্ধার হওয়া রেণু পোনা এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নদ-নদী ও জলাশয় থেকে অবৈধভাবে রেণু পোনা সংগ্রহ ও পাচারের ফলে দেশীয় মাছের প্রজনন এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ে। এ ধরনের অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া রেণু পোনা ও জব্দকৃত ট্রাকের বিষয়ে প্রচলিত মৎস্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

