মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মাছ ধরার জালে একটি বিশাল অজগর সাপ ধরা পড়েছে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাড়াউড়া এলাকার হাইল হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তাদের জালে একটি বড় সাপ আটকা পড়ে। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে জাল ফেলে বাড়িতে ফিরে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলে সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখতে পান, জালে আটকা পড়া সাপটি একটি অজগর। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাছের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১৭ কেজি।
তিনি জানান, উদ্ধারকৃত অজগরটি পরবর্তী ব্যবস্থাপনার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

