মাদারীপুরে পৃথক অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৪ জুন) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান হাওলাদার (৫৪), রুবেল মুন্সি (৪৯), সোহেল সরদার (৩৮) ও আরাফাত খান। অন্যদের নাম প্রকাশ করেনি পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের সদস্যরা সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এর মধ্যে ২ জুন রাত ৯টার দিকে সদর মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হরি কুমারিয়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর, আরাফাত খান এবং রুবেল মুন্সিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিন রাত ১২টার দিকে ডাসার থানার ভাঙ্গা ব্রিজ আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া ৩ জুন রাত সাড়ে ৩টার দিকে কালকিনি থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারিহা রফিক ভাবনা বলেন, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

