পটুয়াখালীর বাউফলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ‘আজকের পত্রিকা’র বাউফল উপজেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান তুষারের বাবা মো. বজলুর রহমানের কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রহমান বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-২৭, তারিখ ১ জুন ২০২৬।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের নিজ বাড়িতে ছিলেন বজলুর রহমান। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা ‘সাইদুল ইসলাম’ পরিচয় দিয়ে একটি মোবাইল নম্বর থেকে ফোন করেন।
ফোনে ওই ব্যক্তি জানান, বজলুর রহমানের সাংবাদিক ছেলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানার মুখে পড়েছেন এবং জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন। ছেলের বিপদের কথা শুনে উদ্বিগ্ন হয়ে কোনো কিছু যাচাই-বাছাই না করেই প্রতারকদের কথায় বিশ্বাস করেন তিনি।
পরে প্রতারক চক্রের দেওয়া বিকাশ, নগদ ও পার্সোনাল নম্বরে কয়েক দফায় মোট ৭৬ হাজার ২৫০ টাকা পাঠিয়ে দেন বজলুর রহমান।
টাকা পাঠানোর পর সন্দেহ হলে তিনি কথিত ওই পুলিশ কর্মকর্তার নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে ছেলের সঙ্গে যোগাযোগ করে তিনি নিশ্চিত হন যে, এটি একটি প্রতারণার ঘটনা।
টাকা পাঠানোর বিবরণ অনুযায়ী, একটি বিকাশ পার্সোনাল নম্বরে ৮ হাজার ১৮০ টাকা, অন্য একটি বিকাশ নম্বরে ১৮ হাজার ৩৬০ টাকা এবং একটি নগদ নম্বরে তিন দফায় ৮ হাজার ১২০ টাকা, ১৪ হাজার ২০০ টাকা ও ২৭ হাজার ৪০৫ টাকাসহ মোট ৭৬ হাজার ২৫০ টাকা পাঠানো হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের নির্দেশে জিডিটি গ্রহণ করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. রেজাউল করিমকে।
পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রকে শনাক্ত এবং প্রতারিত অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

