পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদীতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
ঈদের দিন বিকেল থেকেই মনোহরদী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত কাজ করে ইতোমধ্যে অধিকাংশ এলাকার কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট এলাকাগুলোতেও কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরসভা কিংবা উপজেলার কোনো এলাকায় যদি এখনও কোরবানির বর্জ্য, ময়লা-আবর্জনা বা অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, “একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য মনোহরদী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও সুন্দর মনোহরদী বিনির্মাণ সম্ভব।”
তিনি আরও বলেন, ঈদ-পরবর্তী সময়েও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

