মাদারীপুরের কালকিনি পৌরসভার কাশিমপুর এলাকার ৮নং ওয়ার্ডের একটি বেহাল দশার সড়ক স্থানীয় জনসাধারণের সুবিধার্থে পরিস্কার করা হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী জনাম এম. হাসান জামান খানের উদ্যোগে ও প্রত্যক্ষ অংশগ্রহণে এই স্বেচ্ছাসেবী সংস্কার কাজ সম্পন্ন হয়।
সরেজমিন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয় সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জামায়াত নেতা এম. হাসান খান স্থানীয় যুবসমাজ ও বাসিন্দাদের সাথে নিয়ে নিজেই কোদাল হাতে রাস্তা পরিস্কারের কাজে নেমে পড়েন।
মেয়র প্রার্থী এম. হাসান খান অত্যন্ত আন্তরিকতার সাথে সাধারণ পোশাকে মাটি কাটার সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে কাজ তদারকি ও পরিচালনা করছেন। তার সাথে স্থানীয় আরও বেশ কয়েকজন মানুষ কোদাল দিয়ে রাস্তার পাশের জমে থাকা কাদা পচা নারা কুটা সহ আবর্জনা সরিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।
স্থানীয় ভ্যানচালক ও এলাকাবাসীর সন্তুষ্টি এই রাস্তা সংস্কারের ফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন স্থানীয় চালক ও সাধারণ পথচারীরা।
এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে মনীর হোসের নামের স্থানীয় এক ভ্যানচালক বলেন, "রাস্তাটার যে অবস্থা হয়েছিল, ভ্যান চালানো তো দূরের কথা, হেঁটে চলাই কঠিন ছিল। কাদার মধ্যে ভ্যান আটকে যেতো, ট্রিপ মারতে পারতাম না। আজ হাসান ভাই নিজে দাঁড়িয়ে থেকে রাস্তাটা ঠিক করে দেওয়ায় আমাদের অনেক বড় উপকার হলো। এখন আমরা শান্তিতে গাড়ি চালাতে পারব।"
স্থানীয় বাসিন্দা জাকির মাতুব্বর, রাজ্জাক মাতুব্বর, কামাল মাতুব্বর, আজিজ দাপ্তরি সহ একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কার না হওয়ায় তাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। কোনো জনপ্রতিনিধি এগিয়ে না এলেও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী নিজে এসে এই উদ্যোগ নেওয়ায় তারা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সড়ক সংস্কারের সময় এম. হাসান খান বলেন, "জনগণের সেবাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। ক্ষমতার বাইরে থেকেও সাধারণ মানুষের যেকোনো সংকটে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই সড়কটির যে বেহাল দশা ছিল, তাতে মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়েছিল। তাই আমরা সবাই মিলে ঈদুল আজহাকে সামনে রেখে সাময়িকভাবে রাস্তাটি চলাচলের উপযোগী করার এই ক্ষুদ্র চেষ্টা করেছি।"
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী হাফেজ আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং ৮নং ওয়ার্ডের সাধারণ জনগণ উপস্থিত থেকে সড়ক সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশ নেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

