চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ১৫ পয়সা হিসেবে এর পরিমাণ প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা।
বুধবার (১০ জুন) ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক জাতীয় হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, আগের ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ মার্কিন ডলার।
এদিকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন মার্কিন ডলার।
সংস্থাটির সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে সেবা খাতে, যেখানে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষি খাতে ২ দশমিক ৭৮ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের তুলনায় কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা কমলেও শিল্প খাতে প্রবৃদ্ধির হার বেড়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

