চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সোমবার (২৫ মে) একই দিনে মর্মান্তিক দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার পৃথক দুটি এলাকা থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই নারীর স্বামীই বর্তমানে প্রবাসী।
নিহতরা হলেন-চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২২) এবং রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামের সৌদি প্রবাসী মেহেরাজ হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা আক্তারকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে এবং আকলিমা আক্তারকে বাবার বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে আকলিমা আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনা দুটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

