AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৬ ঘণ্টা পর পুলিশ হেফাজতে অভিযুক্ত যুবক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১২:২৩ এএম, ২২ মে, ২০২৬

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৬ ঘণ্টা পর পুলিশ হেফাজতে অভিযুক্ত যুবক

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক মনিরকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ অবস্থার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশুটি খেলতে বের হলে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে একটি ভবনের সিঁড়িতে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্ত মনিরকে আটক করলে স্থানীয়রা তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে একটি ভবনের ভেতরে নেয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা ভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে রাত ৮টার দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত হন। পরে রাত ১০টার দিকে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এ সময় ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন দেয় বলেও জানা গেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছে।

আহত সাংবাদিকরা হলেন ‘চট্টগ্রাম প্রতিদিন’ পত্রিকার প্রতিবেদক মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান। তাদের মধ্যে একজনের কোমরে এবং অন্যজনের হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!