মাদারীপুর শহরের একটি বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।
সোমবার (১৮ মে) ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) এবং তাদের শিশু সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় রোববার বিকেলে আত্মীয় পরিচয়ে ওই পরিবারটি আসে। গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, একই দড়িতে বাবা ও শিশুর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘরের ভেতরে স্ত্রীর মরদেহ মেঝেতে পড়ে ছিল।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বাসার আরেক বাসিন্দাকে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

