মাদারীপুর শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের স্নেহভরে কাছে টেনে নেন।
রোববার (১৭ মে) দুপুরে বিদ্যালয়টি পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা উপভোগ করেন। এসময় কয়েকজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বুকে জড়িয়ে ধরে তাদের খোঁজখবর নেন তিনি।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। তাদের মধ্যেও রয়েছে সুপ্ত প্রতিভা। সঠিক পরিচর্যা, শিক্ষা ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। তাই তাদের প্রতি আমাদের সবাইকে আরও মানবিক হতে হবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ৩৯০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। পরিদর্শনকালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলি খানম, সিনিয়র শিক্ষক কামরুন নাহার দীপ্তি, রেশমা আক্তারসহ অন্যরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

