AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারকে লালকার্ডের হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৭:৪৪ পিএম, ১৬ মে, ২০২৬

সরকারকে লালকার্ডের হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজশাহীতে সরকারের দেওয়া বিভিন্ন সামাজিক কার্ড কর্মসূচির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কার্ডে যদি টাকা না আসে তাহলে সরকারকেও ‘লালকার্ড’ দেখানো হবে।

শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আবার আমার জন্ম চাঁদপুর, আমি এসে পড়েছি রাজশাহীতে। চাঁদপুরেরও উন্নয়ন হয়নি, রাজশাহীরও উন্নয়ন হয়নি। আমাদের হাতে শুধু কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরা সরকারের জন্য লালকার্ড তৈরি করব এবং তা সরকারের হাতে ধরিয়ে দেব।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সরকার যদি সংস্কার বাস্তবায়ন না করে, তবে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, “জনগণ ভোট দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেটকে কেউ উপেক্ষা করলে জনগণও প্রতিক্রিয়া জানাবে।”

বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়েও সমালোচনা করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক ইতিহাসে সহিংসতার প্রসঙ্গ টেনে দলগুলোর বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, “যদি ইতিহাস না জানা হয়, তাহলে অতীতের মতো পরিণতি আবারও হতে পারে।”

ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গ টেনে তিনি ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যার দাবি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশকে “নতজানু পররাষ্ট্রনীতি” থেকে বেরিয়ে আসতে হবে এবং পানির ন্যায্য অধিকার আদায়ে কঠোর অবস্থান নিতে হবে।

রাজশাহীর নদ-নদীর পানিসংকট নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, নদীতে পানি না থাকলে খাল খনন প্রকল্প কার্যকর হবে না। তিনি বলেন, “রাজশাহীর পদ্মায় পানি না এলে মানুষের জীবন সংকটের মধ্যে পড়বে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সদস্যসচিব আতিকুর রহমান।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!