চুয়াডাঙ্গার জীবননগরের শিয়ালমারী পশুহাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক গরু ব্যবসায়ী। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
অসুস্থ ব্যবসায়ীর নাম আব্দুল কুদ্দুস (৫২)। তিনি জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মোল্লাপাড়া বাসিন্দা এবং পেশায় তিনি গরু ব্যবসায়ী।
আব্দুল কুদ্দুসের মেয়ে মোসাম্মৎ আসিয়া খাতুন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার বাবা বাড়ি থেকে গরু কেনার উদ্দেশ্যে শিয়ালমারী পশুহাটে যান। সেখানে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, পরে বেলা আড়াইটার দিকে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সঙ্গে থাকা টাকা-পয়সা অজ্ঞান পার্টির সদস্যরা নিতে পারেনি। লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনিস জানান, বেলা ২টা ৩০ মিনিটের দিকে ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

