মাদারীপুরের কালকিনি উপজেলায় হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ অন্তত ১৭টি মামলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বজলু তালুকদারের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় মোট ১৭টি মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফয়সালের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এছাড়া এলাকায় এক চা দোকানির রহস্যজনক মৃত্যুর ঘটনায়ও তার সংশ্লিষ্টতার সন্দেহ ছিল স্থানীয়দের।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ফয়সাল তালুকদার অত্যন্ত চতুরতার সঙ্গে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তার অপরাধী চক্রের অন্য সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

