নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদরাসা ছাত্রীকে পাশবিক নির্যাতন ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলেও জানা গেছে।
সংসদ সদস্য বলেন, “এই নির্মম ও পাশবিক বর্বরতার ঘটনায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধীকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ দিকে, ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী শিশুটির সার্বিক সহায়তা ও পুনর্বাসনের দাবিও জোরালো হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

