ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ আলিফ তালুকদার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিজেও মাদক সেবন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থানে মাদকের আখড়া পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

