মাদারীপুরের ডাসার উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কিশোর মারুফ সরদার (১৫) হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (১ মে) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নুর ইসলাম সরদার ও মোফাজ্জেল সরদারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় কিশোর মারুফ সরদার। অভিযোগ রয়েছে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইকবাল সরদারসহ কয়েকজন তাকে পুনরায় কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় শুক্রবার বিকেলে খাতিয়াল ভাঙ্গাব্রিজ এলাকায় মহাসড়কের পাশে শত শত মানুষ সমবেত হন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে মোফাজ্জেল সরদারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অবরোধের খবর পেয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ভুক্তভোগী পরিবারকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডাসার থানা পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের হুঁশিয়ারি— দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

