রাজবাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি জেলার সদর উপজেলার বানিবহ এলাকার আবুল খায়েরের ছেলে রিপন মুন্সি (৩৫)।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দৌলতদিয়া-কুষ্টিয়াগামী মহাসড়কের পাশে মেসার্স খাজা ট্রেডার্স (রড-সিমেন্টের দোকান) সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে রিপন মুন্সিকে ৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
শনিবার (২ মে) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রিপন মুন্সির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

