ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মুকসুদপুর উপজেলা শহরে জমতে শুরু করে নির্মাণ শ্রমিকদের পদচারণা। কারও হাতে লাল পতাকা, কারও কাঁধে শ্রমের প্রতীকী ব্যানার।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকদের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সোনালী ব্যাংক মোড়ে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইফুজ্জামান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি শফিকুল শেখ, ফিরোজ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস শেখ, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ সিফার শেখ, প্রচার সম্পাদক মো. নুর আলম, দপ্তর সম্পাদক হাবিব মোল্যা, কার্যকরী সদস্য আসাদুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. সাইফুজ্জামান লিটন বলেন, মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী পালিত হয়। এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা এবং ন্যায্য মজুরির দাবিতে এক ঐতিহাসিক আন্দোলনের স্মারক। এ দিবসটি শুধু ছুটির দিন নয়, বরং শ্রমজীবী মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং অধিকার আদায়ের ইতিহাস বহন করে।
তিনি আরও বলেন, শ্রমিকের ঘামেই দেশের উন্নয়নের ভিত গড়ে ওঠে। তাই শ্রমিকের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
দিনব্যাপী এ আয়োজন শ্রমজীবী মানুষের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। মে দিবসের এই কর্মসূচি স্মরণ করিয়ে দেয়—সমাজের প্রতিটি অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকের নিরবচ্ছিন্ন পরিশ্রম ও আত্মত্যাগের গল্প।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

