AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননে বিমান হামলায় নিহত দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন প্রশাসনের সহায়তা



লেবাননে বিমান হামলায় নিহত দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন  প্রশাসনের সহায়তা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রবাসী নারী দিপালী আক্তার (৩৪) লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার পর তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহতের পরিবারের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

জানা গেছে, দিপালী আক্তারের বাড়ি উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে সংঘটিত ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হন।

জীবিকার তাগিদে তিনি সেখানে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং তার উপার্জনের ওপর নির্ভর করেই চলত পরিবারের ভরণপোষণ।

দিপালী আক্তার ছিলেন দুই ভাই, তিন বোন এবং বৃদ্ধ পিতাসহ একটি দরিদ্র পরিবারের সদস্য। প্রায় পাঁচ বছর আগে বজ্রপাতে তার মা রোজিনা খাতুন মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব তার ওপর এসে পড়ে। সংসারের হাল ধরতে তিনি বিদেশে পাড়ি জমান। দারিদ্র্যের কারণে তিনি বিয়েও করেননি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসেন, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন এবং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!