আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দ্রুত উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক সংলগ্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
শনিবার সরেজমিনে দেখা যায়, সড়কের পাশের ড্রেনগুলো আবর্জনা ও পলিমাটিতে ভরাট হয়ে কার্যত অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা জনজীবনে মারাত্মক ভোগান্তি ডেকে আনতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা এলেই এ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে চলাচলে বিঘ্ন ঘটে এবং অনেক সময় ঘরবাড়িতেও পানি প্রবেশ করে।
এ বিষয়ে পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি বলেন, “ড্রেনেজ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্ষার আগেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।”
পৌরসভার অপর এক কর্মকর্তা জানান, ড্রেনে ময়লা ফেলা বন্ধে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং মশা ও পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে দ্রুত ড্রেন পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করতে হবে। সচেতন মহল মনে করে, সময়মতো কার্যকর উদ্যোগ নিলে আসন্ন বর্ষায় জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

