সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাদেক আহমদকে দেখতে চান বলে জানিয়েছেন বিএনপির একাংশের তৃণমূল নেতাকর্মী।
সাদেক আহমদ সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকর্মী বলেন, শান্তিগঞ্জ উপজেলায় উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব হিসেবে সাদেক আহমদ এ ক্ষেত্রে এগিয়ে রয়েছেন।
তারা আরও জানান, সাদেক আহমদের পারিবারিক পটভূমিও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। তার পিতা মাহমুদ আলী পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
তবে এ বিষয়ে ভিন্ন মতও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য অন্যান্য প্রার্থীর পক্ষেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
এ বিষয়ে সাদেক আহমদ বলেন, “দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। সুযোগ পেলে শান্তিগঞ্জ উপজেলাবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই এবং একটি আধুনিক ও উন্নত উপজেলা গঠনে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

