AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০৩:০৩ পিএম, ২৭ মার্চ, ২০২৬

সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৫০ মণ পাট, ৩০ মণ ভূষিমালসহ তিনটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা সদর সালথা বাজারের পুরুরা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তার গোডাউনের টিনশেডের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেই তার ছিঁড়ে গোডাউনের ওপর পড়ে আগুন ধরে যায়। দ্রুত আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তার ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুর, ধনিয়া ও সরিষা পুড়ে যায়, যার ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সালথা বাজারের বিভিন্ন স্থানে দোকান ও মার্কেটের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের লাইন টানানো হয়েছে। এর ফলে প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

তবে সালথা বিদ্যুৎ অফিসের এজিএম মো. রেজাউল করিম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। অনেক সময় গোডাউনের ভেতর থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিস প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে লাইনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!