ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমপিকে বহনকারী গাড়িটি বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তার অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীর অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ—ঘন কুয়াশা নাকি অতিরিক্ত গতি—তা তদন্ত করে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

