নীলফামারীতে বাড়িতে বসেই বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মফিজুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার হওয়া মফিজুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে বসেই বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল টাকা, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

