নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে তিনজন মাদক কারবারি থানায় আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তারা রূপগঞ্জ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার মিন্নত আলী ব্যাপারী, জাহাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা স্থানীয় সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে থানায় এসে আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, চলমান অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন এবং মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া প্রত্যেককে একটি করে জায়নামাজ ও টুপি উপহার দিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগকে উৎসাহিত করা হবে এবং যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের সহযোগিতা করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

