AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোরদার


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৪:৪২ পিএম, ৭ মার্চ, ২০২৬

জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোরদার

জ্বালানি তেল পাচার রোধে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই দিন ধরে বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতগামী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি চালাতে দেখা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা সীমান্ত পথে পাচারের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত পথে কোনোভাবেই যাতে জ্বালানি তেল পাচার না হতে পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!