নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নেত্রকোনা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। তিনি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম হিলালী বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হলো প্রতিটি সরকারি সেবা দ্রুত ও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।”
তিনি আটপাড়া ও কেন্দুয়া অঞ্চলের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন এবং জানান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিদ্যমান সমস্যা, চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এমপির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

