AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাঁসির মঞ্চ থেকে সংসদ সদস্য: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৩:৫৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফাঁসির মঞ্চ থেকে সংসদ সদস্য: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার সকালে তাঁর নিজ গ্রাম বাড়িভাদেরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে উপস্থিত হয়ে গান ও স্লোগানে মুখর পরিবেশে শুভেচ্ছা জানান। এ সময় তাঁকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।

ফাঁসির মঞ্চ থেকে সংসদ সদস্য-এই আলোচিত রাজনৈতিক যাত্রাপথ পেরিয়ে এবার চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন বাবর। এর আগে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলীয় নেতাকর্মীদের মতে, দায়িত্ব পালনে তাঁর অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় এবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তারা।

এদিকে বিজয়ের পর থেকে প্রতিদিন হাজার হাজার সমর্থক তাঁর বাড়িতে জড়ো হচ্ছেন তাঁকে একনজর দেখার ও শুভেচ্ছা জানানোর জন্য। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁর গ্রামের বাড়ি নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখর থাকছে।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, “বাবর ভাই একজন সৎ ও নীতিবান মানুষ। অতীতে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাঁকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক-এটাই নেত্রকোনা-৪ বাসীর প্রত্যাশা।”

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনও একই দাবি জানিয়ে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের কল্যাণে বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, “আমি কখনও কোনো কিছু চাইনি বা দাবি করিনি। তবে দল যদি আমাকে দায়িত্ব দেয়, সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব। আমাদের নেতার ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করব, ইনশাআল্লাহ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল ভোট ৬ হাজার ১০৬টি।

ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট। ফলে ১ লাখ ২০ হাজার ৯২৬ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।


একুশে সংবাদ/ওজি

Link copied!