চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত চলনবিল অধ্যুষিত পাবনা-৩ (পাবনা) সংসদীয় আসনে নাটকীয় প্রতিদ্বন্দ্বিতার পর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মুহাম্মাদ আলী আছগার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে ৩ হাজার ৪৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
জানা গেছে, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। এর মধ্যে চাটমোহরে ২ লাখ ৬০ হাজার ১১৭ জন, ভাঙ্গুড়ায় ১ লাখ ৮ হাজার ৯৬৮ জন এবং ফরিদপুর উপজেলায় ১ লাখ ১৭ হাজার ৭১৯ জন ভোটার রয়েছেন।
এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৪১ হাজার ৮১১টি, যা মোট ভোটারের ৭০ দশমিক ২২ শতাংশ। বাতিল হয়েছে ৬ হাজার ৬৮৩ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ১২৮।
পোস্টাল ভোটসহ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মাদ আলী আছগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
দীর্ঘদিন পর বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে দলীয় অন্তর্দ্বন্দ্ব ও বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৮ হাজার ২৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। সংশ্লিষ্টদের মতে, বিদ্রোহী প্রার্থী না থাকলে ফলাফল ভিন্ন হতে পারত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ১৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

