ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে ১৫৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।
নীলফামারী-২ (সদর) আসনে ১৩৪টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে জয়ী হন। এ আসনে বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫টি কেন্দ্রের ভোট গণনায় জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।
অন্যদিকে নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে ১৬৯টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে জয় অর্জন করেন। এ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।
ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

