ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশি। উপজেলার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন স্কুল কেন্দ্রে সকালে নারী ভোটারদের কয়েকটি দীর্ঘ সারি দেখা যায়। বিপরীতে পুরুষ ভোটারদের লাইনে ছিল হাতে গোনা কয়েকজন।
এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভোটারদের উপস্থিতিও লক্ষ করা গেছে। উপজেলার বিভিন্ন কেন্দ্রেই পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ এবং জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।
প্রসঙ্গত, বরিশাল-2 আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৭৮৫ জন। এর মধ্যে উজিরপুর উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার ১ জন; মোট ভোটার ২ লাখ ৩৬ হাজার ২১৫ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৪টি।
অন্যদিকে বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার ৭৪ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ৭২ হাজার ৬৪৫ জন; মোট ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৬৮ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৫৬টি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

