কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মো. কাইয়ুম (৬০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে বাড়ি ফিরছিলেন হাঁস প্রতীকের সমর্থক মো. কাইয়ুম। এ সময় ধানের শীষ প্রতীকের কয়েকজন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

