সিরাজগঞ্জে এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে মারধর, ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে।
আহত ছাত্রের নাম মোঃ গোলাম ফারুক অভি (১৮) সিরাজগঞ্জ পৌর সয়াগোবিন্দ থানা পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সিরাজগঞ্জের এইচ এস সি ২য় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগীর মা মোছাঃ রিতা পারভীন (৪৮) জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সময় কয়েকজন যুবক ধাক্কাধাক্কি শুরু করলে অভি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাকে অনুষ্ঠানস্থল থেকে জোরপূর্বক বের করে এনে কালেক্টরেট স্কুলের মূল ফটকের সামনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর শুরু করে।
অভিযোগে বলা হয়, এক পর্যায়ে এক আসামি অভির বুকের ওপর বসে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে। অপর এক আসামি ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এছাড়া অভিযুক্তরা তার কাছ থেকে ১০১০ টাকা নগদ এবং একটি Vivo V40মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলায় গুরুতর আহত হয়ে অভি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে মোঃ বাপ্পী, ছোট বাপ্পী, মোঃ তুহিন, মোঃ আরাফাত, মোঃ মেরাজ, মোঃ অপু, মোঃ রাজাসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

