ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন যানজট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং গাজীপুরের ভোগড়া এলাকা থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে। কোথাও কোথাও যান চলাচল একেবারেই স্থবির হয়ে পড়েছে।
যানজটের সুযোগে ৫০০ থেকে ৬০০ টাকার ভাড়ার বিপরীতে যাত্রীদের কাছ থেকে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে ক্ষুব্ধ হয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন যাত্রীরা।
এর আগে সোমবার বিকেল থেকে গাজীপুরের চার শতাধিক শিল্প-কারখানায় ছুটি ঘোষণা করা হলে সন্ধ্যা থেকেই মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। রাতভর অপেক্ষার পর আজ সকাল থেকে বাস, ট্রাক ও পিকআপে করে মানুষ গন্তব্যে রওনা হচ্ছেন।
যাত্রী সজিব হোসেন বলেন, “গতকাল রাতে ছুটি পেয়ে বাড়ির উদ্দেশে বের হয়েছিলাম। কিন্তু সারারাত জ্যামে বসে থাকতে হয়েছে। আজ সকালে এসে আবার গাড়ি ধরতে দাঁড়িয়েছি, এখন ৬০০ টাকার ভাড়া চাইছে ১৫০০ টাকা।”
পোশাক শ্রমিক আশা বেগম বলেন, “ভোট দিতে গ্রামের বাড়িতে যাচ্ছি। কিন্তু ন্যায্য ভাড়ায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। পরিবহন মালিকরা সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়েছে। প্রশাসনের তৎপরতাও তেমন দেখা যাচ্ছে না।”
অন্যদিকে, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের চালক আব্বাস উদ্দিন জানান, “রাত ১টার দিকে সাভারে পৌঁছানোর পর সকাল পর্যন্ত চন্দ্রা বাস কাউন্টার আসতেই সময় লেগেছে। যাত্রীর চাপ বেশি থাকায় ভাড়া কিছুটা বেড়েছে।”
এ বিষয়ে গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাউগাতুল আলম বলেন, “নির্বাচন উপলক্ষে শিল্প-কারখানায় ছুটি হওয়ায় শ্রমিকরা বাড়ি যাচ্ছেন। এতে মহাসড়কে চাপ তৈরি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”
যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

