AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে জামায়াতের ‘পরিবর্তনের ইশতেহার’ ঘোষণা


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
১১:৫০ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বড়াইগ্রামে জামায়াতের ‘পরিবর্তনের ইশতেহার’ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম তাঁর ‘পরিবর্তনের ইশতেহার’ ঘোষণা করেছেন।

শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজেই লিখিত ইশতেহার পাঠ করেন।

১৬ দফার ইশতেহারে মাওলানা আব্দুল হাকিম বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ-দুঃখের সহযাত্রী। আল্লাহভীরু নেতৃত্ব, সৎ ও যোগ্য জনপ্রতিনিধিত্ব এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী, মানবিক ও উন্নত জনপদ গড়াই আমার অঙ্গীকার।”

তিনি বলেন, জনগণের ভোট, দোয়া ও সহযোগিতা পেলে সমাজব্যবস্থা পরিবর্তনে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন

ইশতেহারে সুশাসনের বিষয়ে তিনি ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও দলীয়করণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন। স্থানীয় সরকার দপ্তরে সব ধরনের সেবা নিশ্চিত করা, জনকল্যাণে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার এবং নিয়োগ, পদোন্নতি ও বদলি ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

কৃষি ও অর্থনীতি

কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ, সার, বীজ ও কীটনাশকের সরবরাহ, হিমাগার নির্মাণ, কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন, মাছ চাষিদের জন্য ‘ফিশ প্রসেসিং সেন্টার’ এবং কৃষিপণ্যের আধুনিক বাজারজাতকরণের কথা উল্লেখ করা হয়।

শিক্ষা ও স্বাস্থ্য

শিক্ষাক্ষেত্রে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, ভবনবিহীন প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ এবং কওমি ও হাফিজিয়া মাদ্রাসায় নিয়মিত বরাদ্দের অঙ্গীকার করেন তিনি। স্বাস্থ্যখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও আইসিইউ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় স্বচ্ছতা নিশ্চিত করা, পাঁচ বছরের নিচে শিশু ও ৬০ ঊর্ধ্ব বয়সীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বিদেশগামী যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও ফ্রি পাসপোর্ট সুবিধার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

অবকাঠামো ও যোগাযোগ

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আইডিভুক্ত কাঁচা সড়ক পাকাকরণ, ক্ষতিগ্রস্ত ব্রিজ সংস্কার, বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের উদ্যোগের কথা বলেন তিনি।

নারী, ধর্ম ও সংস্কৃতি

নারীর নিরাপদ কর্মপরিবেশ, গৃহিণীদের কুটির শিল্পে সম্পৃক্ত করা, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের জন্য সমান রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

পর্যটন ও নগরায়ন

চলনবিলে ইকো-ট্যুরিজম পার্ক, পর্যটন কেন্দ্র আধুনিকায়ন, পরিকল্পিত নগরায়ন, বর্জ্য ও প্লাস্টিক রিসাইকেলিং এবং বড়াইগ্রাম ও বনপাড়াকে পৃথক উপজেলা করার উদ্যোগের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

সবশেষে তিনি বলেন, “ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই। আল্লাহভীরু, সৎ ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে আপনাদের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। হ্যাঁ-এ ভোট দিন, পরিবর্তনে অংশ নিন।”

ইশতেহার পাঠ অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির অধ্যাপক হাবিবুর রহমান, গুরুদাসপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম, মহাকাশ বিজ্ঞানী ফজলুল হক, ফিউচার ব্রিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, খেলাফতে মজলিস বড়াইগ্রামের উপদেষ্টা মাওলানা ওমর ফারুকসহ দুই উপজেলার জামায়াত ও ১১-দলীয় জোটের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!