“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে Startup, Science Project and Innovation Idea Showcasing Program। তরুণ প্রজন্মের সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লা, একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, সহকারী বিদ্যালয় পরিদর্শক নরেশ বিশ্বাস এবং সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক নীহার মণ্ডল।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নতুন প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. শওকত আলী মিয়া।
দিনব্যাপী প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক নানা প্রকল্প উপস্থাপন করে। পাশাপাশি তারা সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। সংশ্লিষ্টদের মতে, মুকসুদপুরে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

