কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে কোটচাঁদপুরে একদিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হলে সবার আগে মানসিকতার পরিবর্তন প্রয়োজন। কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা পৌঁছে দিতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উৎপাদিত কৃষিপণ্যের মান বজায় রাখতে পারলে দেশের বিভিন্ন স্থানে এ অঞ্চলের সুনাম আরও বৃদ্ধি পাবে। অধিক মুনাফার আশায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) আনিসুজ্জামান খান এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ টিপু সুলতান।
কৃষিবিদ টিপু সুলতান বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলায় পার্টনার ফার্মার ফিল্ড স্কুল (পিএফএস) কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত ধারণা অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
তিনি জানান, নতুন কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্য মূল্য শৃঙ্খল গঠন এবং ফার্মার সার্ভিস সেন্টার গড়ে তোলার বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অতিথিরা পার্টনার ফার্মার ফিল্ড স্কুল (পিএফএস) এবং ফার্মার সার্ভিস সেন্টার পরিদর্শন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

