আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার জীবননগরে চেকপোস্ট পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলা হচ্ছে কি না—তা তল্লাশি করা হয়। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
জীবননগর থানা পুলিশের সহযোগিতায় সার্জেন্ট মো. নাজমুল হুসাইন মোট ৯০টি যানবাহন চেকিং করে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সন্দেহভাজন যানবাহন তল্লাশি এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। অবৈধ যানবাহন ব্যবহার করে কেউ যেন নাশকতার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

