নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইতি নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন (সেন্টু)-এর স্ত্রী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
ওসি আব্দুল হালিম জানান, নিহত ইতি ওই বিউটি পার্লারের মালিক ছিলেন। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি আব্দুল হালিম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

