বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতির বিদায় ঘটানো হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ২৪-এর বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ নামক স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণ এবার ব্যালটের মাধ্যমেই তাদের উপযুক্ত জবাব দেবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করা সম্ভব।
দুপুর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। এতে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

