দীর্ঘ ১৭ বছর চিকিৎসা বঞ্চিত মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার আব্দুল হাসিমকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাবরের রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান মাহমুদ।
স্থানীয়রা জানান, আব্দুল হাসিম দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। ১৭ বছর আগে লুৎফুজ্জামান বাবরের জেলবন্দি হওয়ার খবর পেয়ে তিনি মানসিক রোগে ভুগতে শুরু করেন এবং ধারাবাহিকভাবে বাবর ও ‘ধানের শীষ’ শ্লোগান দিতেন।
আবুল হাসিমের ভাই আবুল হোসেন বলেন, “আমরা দরিদ্র মানুষ হওয়ায় ভাইকে চিকিৎসা দিতে পারিনি। বাবর ভাই খবর পেয়ে আজকে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।”
গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল ইসলাম রুকন বলেন, “লুৎফুজ্জামান বাবর মানবিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন থাকার কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। স্যার এখন তাকে চিকিৎসার ব্যবস্থা করেছেন।”
নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুব ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন বলেন, “লুৎফুজ্জামান বাবর প্রমাণ করেছেন যে তিনি আসলেই দরিদ্র ও মেহনতি মানুষের নেতা। এই ধরনের মানবিক উদ্যোগ দেশের জন্য নজিরবিহীন।”
মাহমুদুল হাসান মাহমুদ আরও জানান, “গতকাল একটি বেসরকারি টেলিভিশনে আব্দুল হাসিমের সংবাদ প্রচারিত হয়। স্যারের নজরে আসার পরই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ধরনের মানবিক উদ্যোগ চলতে থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

