বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শনিবার বিকেলে হস্তিশুণ্ড মোস্তফা আল মাদানী ইয়াতিমখানা ও মাদ্রাসা মাঠে বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন যুগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র প্রবাসী) মো. কবির হোসেন মৃধা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আ. ফা. ম. শামসুজ্জোহা আজাদ, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ি, বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আব্বাস তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু নির্বাচিত হলে এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তারা আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকাজুড়ে এ বৈঠককে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

