শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন কর্মী-সমর্থক আহত হন।
সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে দুইজন সাংবাদিকও আহত হন। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও স্মার্টফোন ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

