মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন সাবেক পুলিশ সদস্য ও একজন সাবেক সেনা সদস্য রয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) মুন্সীগঞ্জ অংশের মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশের পোশাক পরে তল্লাশির নামে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। এ সময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি খেলনা পিস্তল, একটি স্টিলের হ্যান্ডকাপ, ডিবি পুলিশের কটি, ওয়াকিটকি সেটসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ডিবির এসআই আবুল কালাম আজাদ জানান, শ্রীনগর থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান চলাকালে ২৩ জানুয়ারি সকাল ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একটি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাসযোগে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির উদ্দেশ্যে শ্রীনগর এলাকা থেকে পদ্মা সেতু (উত্তর) থানাধীন মাওয়া টোল প্লাজার দিকে আসছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশে সকাল ১১টা ৫০ মিনিটে পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাস দ্রুতগতিতে টোল কাউন্টার অতিক্রমের চেষ্টা করলে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে দুপুর ১২টা ২০ মিনিটে গাড়িটি থামাতে সক্ষম হই।
তাৎক্ষণিকভাবে গাড়ির ভেতরে থাকা একজন ব্যক্তি হাতে থাকা ওয়াকিটকি দেখিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা আতঙ্ক সৃষ্টি করে গাড়ির গ্লাস ভেঙে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।
তল্লাশিকালে আসামিদের কাছ থেকে ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, ডিবি পুলিশের কটি, ইলেকট্রিক শক মেশিন, চায়না লেজার লাইট এবং একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে তালিকাভুক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে শ্রীনগর ও পদ্মা সেতু (উত্তর) থানা এলাকাসহ ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বশির হাওলাদার (৫৬), মো. কাজল ইসলাম জিকু (৩০), মো. হীরা বেপারী (৪৮), মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), মো. রুবেল রানা (৩০) , মো. ফয়সাল রাব্বি (২১) ।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াগ রাসেল বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির পরিকল্পনা করছিল। পুলিশের পোশাক ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল তারা। অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

